Close

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা হামিমকে শোকজ, ভিডিও বার্তায় দিলেন জবাব

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

গতকাল শুক্রবার রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ দেন। পরে দিবাগত রাত একটার দিকে এক ভিডিও বার্তায় কারণ দর্শানোর জবাব দেন ছাত্রদল নেতা।

শোকজ নোটিশে জানানো হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় শোকজের জবাব দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তারা বলেছে লিখিত জবাব দিতে। আমি লিখিত জবাব চাইলেই দিতে পারতাম। কিন্তু আমি লিখিত জবাব দেব না। এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে পার্সোনালি পাঠানো যাবে না, ডিরেক্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের একটি শোকজ পত্র দিতে হবে। সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে ফোন করছে। সারা বাংলাদেশের মানুষ এখন জানতে চাচ্ছে, কী এমন অন্যায় করেছি।’

তিনি ভিডিওতে আরও বলেন, ‘যদিও আমি এখনও পর্যন্ত জানি না কেন শোকজ করা হয়েছে এবং আমি কিন্তু তখনই তাৎক্ষণিক এটি যখন পেলাম, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম, “ভাই কী কারণে আমাকে শোকজ করা হয়েছে? সেটাই তো জানি না, উত্তরটা দিব কী?”’

শেখ তানভীর বারী হামিম আরও বলেন, ‘পরবর্তী সময় আমি জানতে পারলাম যে গতকালকে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ছিল, তার পরবর্তীতে আমি শিক্ষার্থীদের সাথে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন করলাম, সে কারণেই নাকি আমাকে শোকজ করা হয়েছে। এই কাজের কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মী যদি মনে করেন আমি অন্যায় করেছি, তাহলে এই অন্যায় মাথা পেতে নিচ্ছি এবং এই অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave a comment