নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমানকে (রাজা) দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষে লিপ্ত থাকা ও নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে আরও তিন যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
গতকাল শুক্রবার রাতে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি আজ সকালে সাংবাদিকদের হাতে আসে। বহিষ্কৃত রাকিবুর রহমান গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এদিকে অন্য একটি ঘটনায় যুবদলের স্থানীয় আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন নাটোর সদর উপজেলা যুবদলের সহসভাপতি (প্রস্তাবিত) আবদুল গফুর, নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. লিটন এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরব আলী।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা চত্বরে ওসির উপস্থিতিতেই এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা রাকিবুর রহমান। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে নলডাঙ্গার পিঁপরুল ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যুবদলের কয়েকজন নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁদেরও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা যুবদল।




