ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের বিষয়ে সোচ্চার থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে বিএনপি সরকারের ওপর ‘চাপ’ তৈরির চেষ্টা করে যাবে দলটি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রাপ্ত ভোট ২ দশমিক ৭০ শতাংশ। ভোটের সংখ্যানুপাতিক হিসাবে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠিত হলে সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে দলটি।
জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষ গঠনসহ সংস্কার বাস্তবায়নের বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় তিনজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জন-আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। তাই জুলাই সনদকে অবশ্যই সম্মান দেখাতে হবে এবং সনদ বাস্তবায়নের জন্য বিএনপি সরকারকে উদ্যোগ নিতে হবে। কিন্তু জুলাই সনদের বিষয়ে বর্তমান সরকার যদি একতরফা কোনো সিদ্ধান্ত নিতে চায়, সেটি জন-আকাঙ্ক্ষার বিপক্ষে যাবে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন ২৫৮টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে শুধু বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে দলের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে শঙ্কা
ইসলামী আন্দোলন ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। দলের একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের বিষয়টি জুলাই সনদে রয়েছে; কিন্তু এখন সনদ অনুযায়ী উচ্চকক্ষ গঠন না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে আমাদের আমির শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।’
জুলাই সনদে বলা হয়েছে, বাংলাদেশে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা থাকবে, যা নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং উচ্চকক্ষ (সিনেট) সমন্বয়ে গঠিত হবে। নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন। সংবিধান সংশোধনসংক্রান্ত যেকোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস করতে হবে।
তবে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নমত বা আপত্তি) রয়েছে। দলটি নিম্নকক্ষের আসনসংখ্যার অনুপাতে উচ্চকক্ষ গঠনের পক্ষে। তাদের নির্বাচনী ইশতেহারেও বিষয়টি এভাবেই উল্লেখ করা হয়েছে।
নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জুলাই সনদ কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সন্দিহান ইসলামী আন্দোলনের নেতারা। ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে দলটি মন্তব্য করেছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করেছে।




