Close

চ্যাম্পিয়নস লিগে ‘ডেথ হাফে’ ৬ চ্যাম্পিয়ন, ৩১ শিরোপা

শেষ ষোলো ড্র অনুষ্ঠানে মঞ্চের বড় পর্দায় এক ঝলক দেখে ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছিল। বাঁ পাশে হালকা সবুজ রঙের আট দলে চ্যাম্পিয়ন ৬টি। ট্রফিসংখ্যা মোট ৩১। আর ডান পাশে নীল রংয়ের আট দলে চ্যাম্পিয়ন মাত্র এক দল। ট্রফির সংখ্যা ৫টি।

শেষ ষোলোয় এমন সূচি দেখে রিয়াল–সিটির অংশে কোনো দলের কোচেরই খুশি হওয়ার কথা নয়। কারণ, এই অংশের প্রতিদ্বন্দ্বিতা থেকে ফাইনালে ওঠার আগে শিরোপাজয়ী পাঁচটি দলই বাদ পড়বে। সে কারণে প্রশ্ন উঠেছে, এই অংশটা বেশি কঠিন হয়ে গেল কি না?

সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য তেমন মনে করেন না। গতকাল সুইজারল্যান্ডের নিওনে ড্রয়ের পর গার্দিওলা বলেন, ‘এটা বলা খুবই অসম্মানজনক হবে। উদাহরণ হিসেবে (অন্য অংশে) নিউক্যাসল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ কিংবা টটেনহামের কথা বলা যায়। চ্যাম্পিয়নস লিগ খুবই কঠিন।’

সেই এগিয়ে যাওয়ার পথে শেষ ষোলোর দুই লেগে গার্দিওলার সিটিকে মুখোমুখি হতে হবে রিয়ালের। চ্যাম্পিয়নস লিগ নকআউটে এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হবে দুই দল। ২০১৬ সালে গার্দিওলা সিটি কোচের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে ১৩ বার মুখোমুখি হবে দুই দল। পাশাপাশি এবার লিগ পর্বেও মুখোমুখি হয়েছে সিটি ও রিয়াল।

পুরোনো গ্রুপপর্ব পদ্ধতি থাকলে অন্তত কোয়ার্টার ফাইনালের আগপর্যন্ত আলাদা থাকত এ দুটি দল। নতুন সংস্করণে সে সুযোগ নেই। তবে এত ঘন ঘন রিয়ালের মুখোমুখি হওয়া অদ্ভুতই লাগছে গার্দিওলার কাছে। স্প্যানিশ এ কোচ বলেন, ‘হ্যাঁ, এটা একটু অদ্ভুত। লিগ পর্বের শেষ ম্যাচ ড্রয়ে প্রথম ম্যাচ হয়ে যাওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না।’

গার্দিওলা এরপর বলেন, ‘দেখতে ভিন্ন লাগছে। কেউ একমত হোক বা না হোক, এটা সত্যিই ভিন্ন কিছু।’ তবে সিটির এ কোচ ব্যাপারটি মেনে নিয়েই বলেছেন, ‘প্রিমিয়ার লিগ ও অন্যান্য টুর্নামেন্টে এ মৌসুমে আমরা কতবার নিউক্যাসলের বিপক্ষে খেলেছি? আশা করি, ফাইনালে তাদের বিপক্ষে খেলতে পারব…এটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়। আর মাদ্রিদ ড্র তো মাদ্রিদ ড্র–ই। আমাদের কী করার আছে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave a comment